প্রায় ১০ ঘণ্টা পর ঢাকা-কুড়িগ্রাম বাস চলাচল স্বাভাবিক হয়েছে। কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি পনির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার হওয়ায় উত্তরাঞ্চলের ১১টি জেলায় বাস চলাচল শুরু হয়েছে। বগুড়ায় পরিবহন শ্রমিকরা বাস চলাচলে বাধা দেওয়ায় বুধবার কুড়িগ্রাম থেকে কোনও বাস ছাড়া হয়নি। বিকেলে বগুড়ার মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় ও বাস চলাচল শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা-বগুড়া রুটে দূরপাল্লার বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এরইমধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে। তারপরও বাস চলাচল নির্বিঘ্ন করতে বগুড়া মহাসড়কে অতিরিক্ত পুলিশ কাজ করছে।
কুড়িগ্রাম থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাত থেকে ঢাকাগামী সিকল পরিবহন চলাচল করবে। সে লক্ষ্যে তারা ঢাকাগামী যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু করেছে।
উল্লেখ্য, ঢাকা-বগুড়া পরিবহন মালিকদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১১টি জেলার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আকস্মিকভাবে এ অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। ফলে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: ফরিদপুরে জাল দলিল মামলার আসামি আটক








