দিনাজপুরের হিলিতে কালবৈশাখি ঝড়ে ঘরের উপর গাছের ডাল ভেঙে পড়ায় এক পল্লী দন্ত চিকিৎসক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হিলি বাজারে এঘটনা ঘটে। আহত পল্লী দন্ত চিকিৎসকের নাম এহছান উল্লাহ। এসময় তার দোকানে একজন রোগী ছিল। তবে তার কিছু হয়নি।
হিলি বাজার ব্যবসায়ী সমিতির যুগ্মসাধারণ সম্পাদক আরমান আলী জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে আকাশে কালো মেঘ করে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু। ঝড়ে হিলি বাজারের শতবর্ষী একটি রেইনট্রির ডাল ভেঙে এক পল্লী দন্ত চিকিৎসক আহত হয়েছে। তিনি অল্পের জন্য একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেনে। হিলি বাজারের বিভিন্ন স্থানে শতবর্ষী যে ৪/৫টি গাছ রয়েছে সেগুলোর মোটা ডালগুলো শুকিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনও সময় এসব গাছের ডাল ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানসহ পৌরমেয়রকে জানানো হয়েছে কিন্তু কোনও লাভ হয়নি। অচিরেই এসব গাছের শুকনা ডাল কেটে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে হিলি বাজারের ব্যবসায়ীদের রক্ষার জন্য ব্যবস্থা নিতে কতৃপক্ষের কাছে দাবি জানানো হচ্ছে।







