নীলফামারীর সৈয়দপুরে বন্ধুকে হত্যা করে পালানোর সময় দিনাজপুরের বীরগঞ্জে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১ জুলাই) এই ঘটনা ঘটে।
আটক দু্ইজন হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার উত্তর সোনাকুলি আনারুল ইসলাম (২১) ও তার মামা শ্বশুর একই এলাকার রবিউল ইসলাম (২৬)।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন বাংলা ট্রিবিউনকে জানান, ইজিবাইক ভাড়ার কথা বলে ওই দুইজন একই এলাকার বাবুল ইসলামের ছেলে সুমনকে (২০) ডেকে আনে। পরে তাকে কোমল পানীয়র বোতলে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয়। পরে সুমন অচেতন হয়ে পড়লে তাকে হত্যা করে সৈয়দপুরের চাওরা নামক একটি নদীতে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে পালিয়ে যাচ্ছিল আনারুল ও রবিউল।
তিনি আরও জানান, ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেলুয়া নামক স্থান অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের কথায় অসংলগ্নতা থাকায় আটক করে থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রবিবার সন্ধ্যায় তারা হত্যার বিষয়টি স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে হত্যার বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা লাশ খুঁজছে বলে জানান তিনি।








