গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছামছুল হক (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৮ জুলাই) ভোরে উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছামছুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ছামছুল হকের বাড়ি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, 'সদর ও সাদুল্যাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার (৭ জুলাই) দুপুরে ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে ছামছুল হককে গ্রেফতার করে। ছামছুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে শনিবার গভীর রাতে ছামছুলের অন্য সঙ্গিদের ধরতে সাকোয়া গ্রামে অভিযানে যায় পুলিশ । এ সময় ছামছুলকে ছিনিয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ছামছুল হক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি শাহারিয়া আরও জানান, ছামছুল হক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ী থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতি করে আসছিল ছামছুল হক। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।







