পঞ্চগড়ে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহতরা হলেন মাইক্রোবাস চালক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান ও ওয়ায়েসুল কোরাইশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ ৪ জন মুক্তিযোদ্ধা ভিসা সংক্রান্ত কাজে মাইক্রোবাসে চড়ে রংপুর ভারতীয় ভিসা সেন্টারে যাচ্ছিলেন। এ সময় বোদা বাইপাস এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাক মোড়ের উল্টো পথ দিয়ে তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আবুল কালাম দুলালকে মৃত ঘোষণা করেন। পরে আহত জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান ও ওয়ায়েসুল কোরাইশীকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।
ওসি রবিউল হাসান সরকার জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।








