পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালম দুলাল নিহতের ঘটনাসহ সড়ক মহাসড়কে একের পর এক দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় নাগরিক কমিটির ডাকে শহরের শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুঁই, নাগরিক কমিটির সভাপতি বসিরুল আলম প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, নারীনেত্রী আকতারুন্নাহার সাকী, জাকিয়া আনোয়ার, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জাসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় সাত দিনের মধ্যে ঘাতক ট্রাকসহ চালককে আটক করে আইনের আওতায় আনা, সব সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা, সড়ক মহাসড়কে নিরাপদ জনচলাচল নিশ্চিত করা, লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাত দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। সাত দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা।







