কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে গত দুই দিনে ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়েছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মো.জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মৎস্য কর্মকর্তা জানান, জেলার রৌমারী ও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে গত দুই দিন অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। ৬ কেজি ইলিশও জব্দ করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) জেলার উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়ন এলাকার ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করে প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে উলিপুর উপজেলা মৎস্য বিভাগ। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
উলিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম জানান, রবিবার বিকালে উপজেলার হাতিয়া অনন্তপুর ও বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা ও ব্রহ্মপুত্র মোহনার কাছাকাছি ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদে জাল ফেলা অবস্থায় এবং জাল ফেলার প্রস্তুতিকালে বিভিন্ন জেলে নৌকা থেকে প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তীরে এসে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।








