পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ। শনিবার (২৭ অক্টোবর) রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় একটি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রতনিবাড়ি এলাকার লালু, জেলা শহরের ইসলামবাগ এলাকার মামুন, জেলার বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের দালালপাড়া এলাকার রতিকান্ত রায় ও একই উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের খতিবর রহমান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নীলফামারী জেলা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নীলফামারী থেকে রুবেল নামে একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চগড় থানার এসআই আব্দুল জব্বারের নেতৃত্বে পঞ্চগড় ও নীলফামারী থানার একদল পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে রতিকান্ত ও খতিবরকে আটক করে। এসময় একটি চোরাই ১২৫ সিসি হোন্ডা সাইন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পঞ্চগড় থানার এসআই আব্দুল জব্বার বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে রাতেই তাদের নীলফামারী পুলিশের হাতে সোপর্দ করা হয়।







