গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি নেতাদের বাদ দিয়ে হঠাৎ অন্য দল থেকে আসা নেতাকে দলীয় মনোনয়ন না দিতে ঝাড়ু মিছিল করেছে জেলা মহিলা দল। শনিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আকতার তমা, আনোয়ারা বেগম, নার্গিস আকতার ও আছমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে বিএনপি ও তার সহযোগী সংগঠন তা মানবে না। দলের ত্যাগী নেতাদের মনোনয়ন না দিয়ে বহিরাগতদের মনোনয়ন দেওয়া হলে দলের নেতাকর্মীদের নামে মামলা-হামলা হলে তারা কাকে জানাবেন। তাই দলের হাই কমান্ডের কাছে আকুল আবেদন তারা যেন ভুল সিদ্ধান্ত না নেন। এ আসনে দলের পরীক্ষিত ত্যাগী নেতা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আহাদ আহমেদকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন।
প্রসঙ্গত, গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলকে দল মনোনয়ন দেয়। কিন্তু, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন। মনোনয়নপত্রও জমা দেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।








