হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে দুই টাকা

হিলি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৭:১৫

হিলি স্থলবন্দর ট্রাক থেকে চাল নামাচ্ছেন শ্রমিকেরা (ছবি– প্রতিনিধি)

শুল্ক নিয়ে জটিলতার জের ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি কমিয়ে দিয়েছেন স্থানীয় আমদানিকারকেরা। এদিকে, দেশের বাজারে ধানের দাম খানিকটা বেড়েছে। এর প্রভাবে দুই সপ্তাহের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আমদানি করা চালের দাম কেজিতে দেড় থেকে দুই টাকা বেড়েছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র জানায়, চাল আমদানিতে শুল্কহার বাড়ার কারণে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি অনেক কমেছে। ১ জানুয়ারি ২৭টি ট্রাকে ৬৭৫ টন চাল, ২ জানুয়ারি ১৯টি ট্রাকে ৪৭৫ টন চাল, ৩ জানুয়ারি ১২টি ট্রাকে ৩শ’ টন চাল আমদানি হয়েছে। এভাবে গত তিন দিনে বন্দর দিয়ে একহাজার ৪৫০ টন চাল আমদানি হয়েছে।

হিলি বাজারের চাল বিক্রেতা অনুপ বসাক বাংলা ট্রিবিউনকে জানান, দুই সপ্তাহের ব্যবধানে হিলি বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম দেড় থেকে দুই টাকা করে বেড়েছে। বাজারে দেশীয় স্বর্ণা জাতের চাল ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এই চাল কেজিতে ৩০ টাকায় বিক্রি হয়েছিল। রত্না জাতের চাল (আটাশ) আগে ৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মিনিকেট জাতের চাল ৪৬ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, আগের চেয়ে বাজারে ধানের দাম বাড়ার কারণে চালের দাম বাড়ছে বলে মিল মালিকরা তাদের জানিয়েছেন। এদিকে বন্দর দিয়ে স্বর্ণা বা রত্না জাতের চাল আমদানি না হওয়ায় বাজারে কোনও ভারতীয় চালের সরবরাহ নেই। এ ছাড়া, ভারতীয় চালের চাহিদাও তেমন একটা নেই। বন্দর দিয়ে কিছু শম্পা কাটারি ও নাজিরশাইল জাতের চাল আমদানি হলেও সেসব চালের খুব একটা চাহিদা নেই।

হিলির হরিহরপুরের ধান ব্যবসায়ী মশপিকুর রহমান জানান, কয়েকদিনের ব্যবধানে ধানের দাম মণ প্রতি ১শ’ টাকার মতো বেড়েছে। বর্তমানে স্বর্ণা-৫ জাতের ধান ৭শ’ ৭০ টাকা থেকে ৭শ’ ৭৫ টাকা মণে কেনাবেচা হচ্ছে। আর মোটা জাতের ধান ৭শ’ টাকা থেকে ৭শ’ ১০ টাকা মণে কেনাবেচা হচ্ছে। কিছুদিন আগে এসব জাতের ধান মণপ্রতি ১শ’ টাকা করে কমে বিক্রি হয়েছিল। দেশের বিভিন্ন স্থানের মিলাররা ধান কেনার কারণে এর চাহিদা বেড়েছে। এতে এর দামও খানিকটা বেড়েছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, দেশীয় কৃষকদের উৎপাদিত ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ভারত থেকে চাল আমদানি নিরুৎসাহিত করার জন্য আমদানি শুল্ক তিন ভাগ থেকে বাড়িয়ে ২৮ ভাগ করেছে। এতে আমদানিকারকেরা চাল আমদানি বন্ধ রেখেছেন। বর্তমানে বন্দর দিয়ে স্বর্ণা বা রত্না জাতের কোনও চাল আমদানি হয় না; চাল আমদানি একেবারে বন্ধ বলা যায়। তবে মাঝেমধ্যে বন্দর দিয়ে শম্পা কাটারি বা নাজিরশাইল জাতের চাল আমদানি হয়, যা ৪৮ টাকা থেকে সাড়ে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একইদামে এসব চাল বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাল আমদানিতে শুল্ক কম থাকায় গত বছর বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০-৬০ ট্রাক করে চাল আমদানি হতো। কিন্তু চলতি অর্থবছরে শুল্কহার বাড়ানোর কারণে বন্দর দিয়ে চাল আমদানি একেবারে বন্ধই হয়ে গেছে। তবে গত তিন দিন ধরে বন্দর দিয়ে চালের আমদানি একটু বেড়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী