প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ করা যাচ্ছে। সরেজমিনে ঘুরে এমনটি দেখা যায়। তবে নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন আরও পরে ভোটার উপস্থিতি বাড়তে পারে। রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে জেলার পাঁচটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জেলা সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। চেয়ারম্যান পদে ১৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বোদা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী ফারুক আলম টবিকে আগেই নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলায় ১১ প্লাটুন বিজিবি, র্যাবের ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধিনে পুলিশের ভ্রাম্যমাণ টিম নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছে।
রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বিএল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান পঞ্চগড় জেলার সদর উপজেলার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন এবং কোথাও কোনও অনিয়ম, গোলযোগ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পাঁচ উপজেলায় মোট ভোটার ৭ লাখ ১৪ হাজার ১২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৬৫৮ জন ও নারী ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৪৬৮ জন।







