গাইবান্ধার ফুলছড়ি থানার ওসি বেলাল হোসেনকে প্রত্যাহারের খবর নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা ও ওসি এ বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্তাকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে ওসি বেলাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি, এমন খবর গণমাধ্যমে জেনেছি। তবে ওসির প্রত্যাহার সংক্রান্ত কোনও নির্দেশনা জেলা নির্বাচন অফিসে আসেনি। এছাড়া নির্বাচন কমিশনে (ইসি) যোগাযোগ করেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, ‘ওসির প্রত্যাহারের বিষয়টি ঠিক নয়। ইসি ও পুলিশ সদর দফতর থেকেও কোনও নির্দেশনাপত্র আসেনি।’
ফুলছড়ি থানার ওসি বেলাল হোসেন বলেন, ‘রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রত্যাহার সংক্রান্ত মৌখিক কিংবা লিখিত কোনও আদেশ পাইনি। প্রত্যাহারের বিষয়টি কেন উঠলো, সে বিষয়েও কিছু বুঝতে পারছিনা।’
উল্লেখ্য, রবিবার (১৭ মার্চ) বিকালে নির্বাচন ভবনে এক প্রেসব্রিফিং করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি সাংবাদিকদের উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ফুলছড়ি ওসিসহ ছয় থানার ওসিকে প্রত্যাহারের কথা জানান। যা, অনলাইন গণমাধ্যমে প্রকাশ হয়।
আরও পড়ুন: ফুলছড়ি থানার ওসি প্রত্যাহার






