রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, ‘সন্ত্রাস-মাদকমুক্ত ও মননশীল সমাজ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এজন্য নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে হবে।’
শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ঝরেপড়া রোধ ও শিক্ষাকে আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে মিড-ডে মিল কর্মসূচিসহ উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এসময় নৈতিকতা বজায় রেখে শিক্ষকদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বোদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক ফজলে বারী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।







