পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগির হাতে ফুল ও মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা দুজনে কুশল বিনিময় করেন ও সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদিশ প্রসাদসহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন ও ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, হিলিসহ বিভিন্ন ক্যাম্প এবং সৈনিকদের জন্য সর্বমোট ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলিসহ বিভিন্ন ক্যাম্প এবং সৈনিকদের জন্য সর্বমোট ১২ প্যাকেট প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের প্রতিবেশী বিএসএফ সদস্যদের সঙ্গে মিষ্টি বিনিময় করেছি। আমাদের দুই বাহিনীর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব আছে। আমরা আশা করছি, আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আজকে আমাদের ঈদের আনন্দ আমরা দু’দেশের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’








