কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় জিঞ্জিরাম নদীতে জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৬ জুলাই) ভোরে মোস্তফা নামে এক জেলের জালে এককেজি ওজনের এই মাছ ধরা পড়ে।
স্থানীয়রা এই মাছকে ‘টাইগার মাছ’ বলে জানেন। তবে এর আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকমাস আগেও একই প্রজাতির আরও একটি মাছ ধরা পড়ে জিঞ্জিরামে।
বিরল প্রজাতির এ মাছ ধরার খবর পেয়ে উপজেলা মৎস্য সমিতির সভাপতি আজিজ মিয়া জিঞ্জিরামে যান। সেখান থেকে মাছটি নিয়ে তিনি রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হন। পরে ইউএনও মেহেদী হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ইউএফও) সাকুর আলীর উপস্থিতিতে মাছটি উপজেলা পরিষদ চত্বরের পুকুরে অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাকার মাউথ ক্যাটফিসের বৈজ্ঞানিক নাম Hypostomus plecostomus। এটি Loricariidae পরিবারভুক্ত মাছ। সাধারণত এই মাছ মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি অ্যাকুরিয়ামে পোষা হয়।
ইউএফও সাকুর আলী বলেন, ‘এই মাছ বিদেশি। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভা বাড়ায়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে এবং শেওলা জাতীয় উদ্ভিদ খায়।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘আমাদের দেশে যশোর অঞ্চলে এটি চাষ হয় এবং ওই অঞ্চলের মানুষ এই মাছ খায়ও।’ বন্যার কারণে ভারত কিংবা দেশের অভ্যন্তরের কোনও পুকুর থেকে মাছটি ভেসে আসতে পারে বলেও জানান তিনি।








