সরকারি হাসপাতালে রোগী হয়রানি বন্ধ করতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ অনুরোধ জানান। হুইপ ইকবালুর রহিম ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতিও।
ইকবালুর রহিম বলেন, ‘হাসপাতালে আসা কোনও রোগীকে যাতে বেসরকারি কোনও ডায়াগনিস্টিক সেন্টারে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো না হয়। এ ধরনের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বাস্থ্যসেবার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা করতে হবে। রোগীদের সেবা করাও এক ধরনের ইবাদত।’
গরিব মানুষেরা যাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সব রকম চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ইকবালুর রহিম বলেন, ‘দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিও মোকাবিলা করা হয়েছে। এই হাসপাতালসহ দেশের সব হাসপাতালেই ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা ও জনগণের সচেতনতার কারণেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করা গেছে।’
এসময় আরও বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খয়রুল কবীর, মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আব্দুস সালাম প্রমুখ।







