ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ-ভারত সীমান্ত বিওপি জগদল ও নাগরভিটার মধ্যবর্তী এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ। তার নাম সাদেকুল ইসলাম সাজু মিয়া (৩৩)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার জগদল ও বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬/১ ও ৩৭৬/২ নং পিলারের মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাদেকুল জেলার সদর উপজেলার ভালুকা গ্রামে সামশুল হকের ছেলে।
জগদল এবং নাগরভিটা সীমান্তবাসী সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় নাগরভিটা সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল ভারতে অনুপ্রবেশের সময় ভারতের ১৭১ কোকড়াদহ ক্যাম্পের বিএসএফ জোয়ানদের ধাওয়া খেয়ে পালিয়ে আসে। এ সময় একজন নিখোঁজ হন। পরে তারা নাগরভিটা সীমান্তে এসে বিষয়টি জানায়। বৃহস্পতিবার সকালে মরদেহ দেখে বিজিবির সদস্যরা পুলিশকে খবর দিলে বিকাল তিনটার সময় তারা সাদেকুলের মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাত এবং নাকমুখে রক্তের দাগ ছিল।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বলেন, সীমান্তে একজনের লাশ পাওয়া গেছে বলে আমরা তথ্য পেয়েছি এবং উদ্ধারে পুলিশের সহযোগিতা নিয়েছি। তবে মরদেহের গায়ে গুলির কোনও চিহ্ন পাওয়া যায়নি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত সরিফুল ইসলাম বলেন, সাদেকুল নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।








