পঞ্চগড়ে এক নারীসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই জনের বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলায়। আরেক জনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা সাত জন।
সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ফজলুর রহমান জানান, দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া কালিস্থান এলাকার বাসিন্দা ওই নারী (২৫) ঢাকা গাজীপুর থেকে এসেছেন। তিনি দেবীগঞ্জে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ডাডুয়া এলাকার বাসিন্দা (২৭) নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। অপরজন (২৮) গত ১৫ এপ্রিল ভারত থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে তেঁতুলিয়ায় এসেছেন। তিনি বাংলাবান্ধায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২১ এপ্রিল ওই তিন জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে ২২ এপ্রিল পরীক্ষার জন্য তাদের নমুনা রংপুরে পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত রিপোর্টে এই তথ্য জানা গেছে।








