নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের এক হাজার ৮৫টি মসজিদের শিক্ষকরা চার মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। করোনা মহামারীতে ওই শিক্ষকরা সময়মতো বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জেলায় এক হাজার ৮৫টি সহজ কোরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এরা প্রত্যেকে চার হাজার ৫০০ টাকা মাসিক বেতনে প্রতিটি কেন্দ্রে একজন করে শিক্ষক, শিক্ষিকা কর্মরত রয়েছে। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে শিক্ষকরা বেতন পাচ্ছেন না।
সদর উপজেলার রামনগর বাজারে অবস্থিত জামে মসজিদ ভিত্তিক কেন্দ্রের শিক্ষক সিরাজুল ইসলাম, বাহালী পাড়া বাজার, খামাত পাড়া জামে মসজিদের শিক্ষিকা মমতা বেগম ও শিক্ষক শরিফুল ইসলামসহ অনেক জানায়, প্রায় চার মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডিডি) মারুফ রায়হান জানান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের প্রকল্পের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ায় শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। প্রকল্পটি নতুন করে পাসের অপেক্ষায় রয়েছে, এটির অনুমোদন হলে শিক্ষকরা আবারও নিয়মিত বেতন পাবেন।








