কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোহার তারে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শম্পা রানী পাল (২৫) নামে মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা এ তথ্য জানান।
নিহত শিক্ষার্থী ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্র পালের মেয়ে। সে রংপুর কারমাইকেল কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোসল সেরে ভেজা কাপড় বাড়ির আঙিনায় লোহার তারে শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষাণা করেন।
নিহতের প্রতিবেশী অনিল জানান, কাপড় শুকানোর ওই তারের ওপর দিয়ে বাড়ির অভ্যন্তরে সংযোগের বিদ্যুতের তার লেগে ছিল। সম্ভবত শর্ট সার্কিট হয়ে কাপড় শুকানোর তারে বিদ্যুৎ প্রবাহ হয়েছিল। ফলে ভেজা কাপড় তারে দেওয়ামাত্র বিদ্যুৎস্পৃষ্টে শম্পার মৃত্যু হয়।








