ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে কাঁচা মরিচের বাজার। গত দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। গত ২৭ আগস্ট ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ ১৩০ থেকে ১৩৫ টাকা বিক্রি হলেও ২৯ আগস্ট বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে। শনিবার (২৯ আগস্ট) বন্দর দিয়ে ১৯টি মিনি ট্রাকে ৮২ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বীনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতে বন্যা হওয়ায় নাগপুর, গুলডাঙ্গা অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শুধু বিহার অঞ্চল থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। ভারতের বিভিন্ন অঞ্চলেও ওই স্থান থেকে কাঁচা মরিচ সরবরাহ করা হচ্ছে। এছাড়া গত শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধ ছিল, যার কারণে দেশের বাজারে সরবরাহ কমায় দাম বেড়েছে। এছাড়াও আজ রবিবার আশুরার ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকবে, গতকাল বাজারে এর প্রভাবও ছিল।








