গাইবান্ধার সাদুল্লাপুরে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় শাওন প্রধান (১৫) নামে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এসব তথ্য জানান।
পুলিশ জানায়, রবিবার (১১ অক্টোবর) দুপুরে সাদুল্লাপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর শাওনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিত শিশুর মা। এর আগে, শনিবার (১০ অক্টোবর) রাতে মৌখিক অভিযোগে শাওন প্রধানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত শাওন প্রধান সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে। তবে ঘটনাটি মিথ্যা বলে দাবি শাওনের পরিবারের। তাদের হয়রানি করতে এই ঘটনা সাজানো হয়েছে বলে দাবি করেছে তারা।
মামলার বরাত দিয়ে ওসি মাসুদ রানা জানান, গত ১০ অক্টোবর সকালে শিশুটির বাড়ির পাশের একটি বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। সেখানে সাউন্ডবক্সে গান শুনতে যায় শিশুটি। পরে প্রতিবেশী শাওন প্রধান শিশুটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্নাকাটি করলে ঘর থেকে পালিয়ে যায় শাওন।
তিনি আরও জানান, শিশুটি বাড়িতে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে বিকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে অবগত করেন শিশুর মা। এরপর রাতেই অভিযান চালিয়ে শাওনকে তার বাড়ি থেকে আটক করা হয়। ধর্ষণ চেষ্টার অভিযোগে শাওন প্রধানকে আসামি করে একটি মামলা করেছেন শিশুটির মা। পরে অভিযুক্ত শাওনকে দুপুরে আদালতে পাঠানো হয়।
শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।








