আবারও দিনাজপুরের ফুলবাড়ীতে রেললাইনে দুর্ঘটনা ঘটেছে। ফুলবাড়ী রেল স্টেশনের পাশে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরের ৬টি জেলার সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ৪টার দিকে ফুলবাড়ী রেল স্টেশনের ৫০০ গজ উত্তর রেলঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুলবাড়ী রেল স্টেশনের প্রবেশমুখে রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন ধীরগতিতে থাকায় বড় কোনও ঘটনা ঘটেনি। ঘটনার পর পার্বতীপুর থেকে উদ্ধারকারী যান ও লোকজন গিয়ে বগিটি উদ্ধারে কাজ শুরু করেছেন। বগিটি লাইনচ্যুত হওয়ায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনাসহ অন্য স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পার্বতীপুর রেল স্টেশনের মাস্টার জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি উদ্ধার কার্যক্রম চলছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে একই স্থানে সোমবার দিবাগত রাত ১টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচে চাপা পড়ে সুশান্ত কুমার দাস (৩২) নামে গেটকিপার নিহত হন।
ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১নং লাইনে প্রবেশ করে। কিন্তু এর ১ মিনিট পরে পার্বতীপুর থেকে আসা এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি স্টেশনের অনুমতি না নিয়ে স্টেশনের ১নং লাইনে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুন্টি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রেনটিকে ধাক্কা দেয় এবং রাস্তার সাইডে পড়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের সময় ট্রাকের নিচে গেটকিপার সুশান্ত কুমার দাসের মরদেহ পাওয়া যায়। নিহত সুশান্ত কুমার দাস পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।







