কুড়িগ্রামে নানা আয়োজনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ রাউফুন বসুনিয়ার ৩৬ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়ায় রাউফুন বসুনিয়ার নিজ গ্রামে এক শোক র্যালি শেষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সম্মান জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে ছিনাই শহীদ মিনার চত্বরে রাউফুন বসুনিয়ার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের আহবায়ক এস এম ছানালাল বকসী, ৮০’র দশকের ছাত্রনেতা এমদাদুল হক এমদাদ, মাজেদ আলী, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শ্যামল ভৌমিক, দুলাল বোস, সাত কুরি রায় নিলু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নিলু, ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদেকুল হক নুরু, রাউফুন বসুনিয়ার ছোট ভাই মিনার বসুনিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি স্বৈরাচারী সামরিক সরকারের লেলিয়ে দেওয়া গুণ্ডাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রাউফুন বসুনিয়াকে গুলি করে হত্যা করে। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নজরুল ইসলাম বসুনিয়ার ছেলে। বসুনিয়া বাকশাল সমর্থিত জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন।









