উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন। সকাল থেকে এ দুটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে, যদিও সব পৌরসভা দু’টির সবগুলো কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রে ইভিএম ও সোনাইমুড়ীর ৯টি কেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ভোটারদের উপস্থিতিও ভালো। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।
জেলা নির্বাচন মোহাম্মদ রবিউল আলম জানান, চাটখিল পৌরসভায় মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং সোনাইমুড়ী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাটখিলের ১০টি কেন্দ্রে ভোটার ২৪ হাজার ৯৩৬ জন। সোনাইমুড়ীর ৯টি কেন্দ্রে ভোটার ২৫ হাজার ২৩২জন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ৪ জন করে পুলিশ ও ৯ জন করে আনসার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্র এলাকায় একজন পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি করে মোবাইল টিম রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে র্যাবের ৬ ও বিজিবির ৮ প্লাটুন সদস্য। এছাড়াও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।








