দিনাজপুরের হিলিতে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল মোত্তালেব ও ইসমাইল হোসেন নামের অভিযুক্ত দুই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকা থেকে ওই দুই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মোত্তালেব ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর গ্রামের মমতাজ আলীর ছেলে ও ইসমাইল হোসেন একই এলাকার ফয়জার রহমানের ছেলে।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণী মঙ্গলবার বিকেলে বাদী হয়ে হাকিমপুর থানায় ওই দুজনসহ ৫ জনের নামে মামলা দায়ের করেছেন।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, হিলির ডাঙ্গাপাড়া গ্রামের নুর ইসলামকে গুপ্তধন পাওয়ার লোভ দেখিয়ে এই কাজে মেয়ে লাগবে বলে জানায় ওই দুই কবিরাজ। পরে কবিরাজের কথা মতো বিরামপুর থেকে ওই তরুণীকে কেমিক্যাল নিয়ে আসার জন্য ৫ হাজার টাকার চুক্তিতে গত ৪ মার্চ লোক-মারফত তার বাড়িতে নিয়ে আসে। পরে সেই কবিরাজদের খবর দিলে তারা এসে ওই তরুণীর গায়ে জিন হাজির করে ঘরের মাটি ফেটে গুপ্তধন উঠে আসবে বলে তাদেরকে জানায়। পরে তারা ওই তরুণীকে কলা ও বিস্কুট খাইয়ে অজ্ঞান করে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরের দিন সকালে ওই তরুণী সেখান থেকে বেরিয়ে তার বাড়িতে চলে যায়। এদিকে গুপ্তধন না পাওয়ায় ওই কবিরাজকে আবারও খবর দেয় নুর ইসলাম। সে মোতাবেক আসলে তাদের আটকে রাখে তারা। পরে ওই দুজনের পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কেন তাদেরকে আটকে রাখা হয়েছে পুলিশ এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণসহ মুল ঘটনার কথা স্বীকার করে তারা। এদিকে ওই ঘটনায় নির্যাতনের শিকার নারী আজ বিকালে ওই দুজনসহ ৫ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়, বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।








