নভেম্বরে গড়া বিশ্ব রেকর্ডের স্বীকৃতির সনদ হাতে পেয়েছেন মাগুরার ফয়সাল। ৩০ সেকেন্ডে ৬২ বার বাহুতে ফুটবল ঘুরিয়ে তিনি রেকর্ডটি গড়েন। ওয়ার্ল্ড গিনেস বুক কর্তৃপক্ষ প্রদত্ত সনদটি হাতে পেয়েছেন বলে শনিবার জানিয়েছেন ফয়সাল। এটি তার বিশ্ব রেকর্ড গড়ার দ্বিতীয় সনদ।
১৮ বছর বয়সী মাহমুদুল হাসান ফয়সাল বর্তমানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন। সদর উপজেলার হাজিপুর গ্রামের অধিবাসী ফয়সাল এর আগেও পাঁচবার ফুটবল ও বাস্কেটবল বাহুতে ঘুরিয়ে রেকর্ড সৃষ্টি করেন। ৩০ সেকেন্ডে ৬২ বার বাহুতে ফুটবল ঘুরিয়ে সর্বশেষ রেকর্ডটি তিনি গত নভেম্বরে করেন। সেই রেকর্ডের জন্য ওয়ার্ল্ড গিনেস রেকর্ড বুক কর্তৃক তিনি স্বীকৃতি পেলেন। এর আগেও তিনি একবার স্বীকৃতি পেয়েছেন বিশ্ব রেকর্ডের ওপর নজর রাখা সংস্থাটি থেকে।
ফয়সাল জানান, ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি আগ্রহ। ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। নানা প্রতিবন্ধকতায় তা পারেননি। এরপর শুরু করেন ফুটবল খেলা। খেলতে খেলতেই সে ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করেন। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়বার।
ফয়সাল বলেন, আমার নানা, নানীসহ পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার স্বপ্ন, এরকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়া। পুরো বিশ্বের কাছে নিজের গ্রাম, জেলা, সর্বোপরি বাংলাদেশের পতাকাকে তুলে ধরতে কার না ভালো লাগে।
ফয়সালের বাবা সোহেল রানা বলেন, ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। তবে এই রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি ওর পড়াশোনার ক্ষতি হয়েছে খুব। দুটো সেমিস্টার লস করেছে। তারপরও আমি ওকে উৎসাহিত করেছি। আজ ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন বলেন, ফয়সালের এই রেকর্ড আমাদেরকে গর্বিত করেছে। তাকে ভবিষ্যতে যে কোনও ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।









