দিনাজপুরে এক হাজার ৪৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। শনিবার (১ মে) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম এ তথ্য জানান।
আটককৃতরা হলেন—দিনাজপুর শহরের রামনগর পাগলা মোড়ের মৃত হাবিবুর রহমানের ছেলে বেলাল হোসেন ওরফে বাবু (৪৯), জেলার কাহারোল উপজেলার গোবিন্দপুর গ্রামের পুনেন্দ্র চন্দ্র রায়ের ছেলে বিষ্ণু চন্দ্র রায় (২৯) এবং ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকার লাল মিয়ার ছেলে মনজু হোসেন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম জানান, শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশের ওসি ইমাম জাফরের নেতৃত্বে একটি দল শহরের রামনগর পাগলার মোড়ে বেলাল হোসেন ওরফে বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ঈদগাহ বস্তির জনৈক মিজানুর রহমান চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে এক হাজার চারশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় পরে ওই বাসার ভাড়াটিয়া বিষ্ণু চন্দ্র রায়কে আটক করা হয়। এ সময় তার বাসায় আসা মঞ্জু হোসেনকেও আটক করা হয়।
আটক বেলাল হোসেন ওরফে বাবুর বিরুদ্ধে ৬টি এবং বিষ্ণু চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।









