শিক্ষকদের নতুন বেতন কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি গোটা শিক্ষক সমাজকে তাচ্ছিল্য করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষকদের নিয়ে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন জনগণের প্রতি তার কোনও দায় নেই। রবিবার সন্ধ্যায় নিজ জেলা কুড়িগ্রামে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, যেহেতু এই সরকার জনবিচ্ছিন্ন এবং জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তিনি শিক্ষকদের নিয়ে এমন বক্তব্য দিতে পারছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার তার ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে পৌর নির্বাচনে নিজেদের প্রার্থীদের জোর করে বিজয়ী করেছে। এখন আগামী ১২ জানুয়ারি স্থগিতকৃত পৌরসভার ভোট কেন্দ্রগুলোতে নিজেদের প্রার্থীদের জয়ী করতেও যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপি’র প্রার্থীদেরও নানরকম ভয়ভীতি দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনটি নেতা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক ও মোস্তাফিজুর রহমান মোস্তফা, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক পিপি অ্যাডভোকেট রেহানা খানম বিউটি প্রমুখ।
/এআর/টিএন/আপ-এআর/








