পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে আবুল হোসেন (৭০) নামে সাবেক এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জুলাই) জেলার বোদা উপজেলার জামাদারপাড়ার বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জামাদারপাড়া গ্রামের মৃত চাঁন মামুনের ছেলে তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু বলেন, ১০ দিন ধরে জ্বর ও শরীর ব্যথায় ভুগছিলেন আবুল হোসেন। ২৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করান তিনি। সেখানে করোনা পজিটিভি শনাক্ত হন। পরে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ উপজেলার সাকোয়া ইউনিয়নের মন্নাপাড়া নয়াদিঘির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় এ পর্যন্ত ১১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮৮৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৭৩ জন। এর মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ছয়জন চিকিৎসাধীন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২৬ জন। অন্যরা পঞ্চগড় জেলা করোনা প্রতিরোধ মনিটরিং কমিটির অধীনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।









