রংপুর বিভাগে করোনায় মৃত্যু কমলেও সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে এই ভাইরাসে ১০ জন মারা গেছেন। একই সময়ে দুই হাজার ৬৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে পাঁচ, রংপুরে দুই, পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে এক জন করে মারা গেছেন। আর এই সময়ে সর্বোচ্চ ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে রংপুরে। এছাড়া দিনাজপুরে ৭৬, পঞ্চগড়ে ৪১, নীলফামারীতে ৪৬, লালমনিরহাট ৪০, কুড়িগ্রামে ৬২, ঠাকুরগাঁওয়ে ৬৪ ও গাইবান্ধায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৪ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত রংপুর বিভাগে দুই লাখ ২৬ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৩৫১ জনের। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৬০ জন।
এদিকে রংপুরে কোভিড হাসপাতালে ৮টি আইসিইউ বেড এবং দিনাজপুর কোভিড হাসপাতালের ১৬টি বেডের একটিও ফাঁকা নেই।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।









