বড় ধরনের নাশকতা করার উদ্দেশে রংপুর নগরীর দক্ষিণ বাবু খাঁ এলাকায় এক বাড়িতে গোপন বৈঠক করার সময় দুই শীর্ষ নেতাসহ জামায়াতের ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার ফারুক আহামেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা করার উদ্দেশে বুধবার নগরীর বাবু খাঁ এলাকায় জামায়াত নেতা ও মামলার আসামি লোকমান হোসেনের বাসায় সমবেত হয়ে জামায়াতের দুই শীর্ষ নেতার নেতৃত্বে গোপন বৈঠক চলছিল। এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই বাড়ি ঘেরাও করে সেখান থেকে কোতোয়ালি থানা জামায়াতের আমির ফরহাদ হোসেন, সেক্রেটারি শাহানত মিয়াসহ ১০ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতার অন্যরা হলেন- জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. লোকমান আলী, মো. মশিউর রহমান, মো. আব্দুল মালেক, মো. মিজানুর রহমান, মো. মাহমুদুর রহমান, মো. ওয়ায়দুর রহমান, মো. শরিফুল ইসলাম এবং মো. জাহাঙ্গীর আলম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরও ১৪/১৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়াদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) আসামিদের রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।









