প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাঠিতে ভর দিয়ে ছেলের কাঁধে হাত রেখে কেন্দ্রে এসেছেন ধলি বেওয়া (৯৬) নামের এক বৃদ্ধা। ইভিএমে ভোট দিয়ে খুশি প্রবীণ এ ভোটার।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দুপুরের দিকে লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ৯৬ বছর বয়সী ধলি বেওয়া।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শুনেছি, এবার মেশিনের মাধ্যমে ভোট হচ্ছে। সকালে একটু বেশি শীত ছিল। তাই একটু দেরি করে ভোট দিতে এসেছি। শেষ সময়ে আর কপালে ভোট জুটবে কি-না জানি না। আগে তো কাগজে ভোট দিয়েছি, এবার মেশিনের মাধ্যমে ভোট দিতে এসেছি। এটাই আমার জীবনের শেষ ভোট হতে পারে।’
লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
ঘোড়াঘাট পৌরসভায় মেয়র পদে পাঁচ, কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রে ৭৪টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোট হয়েছে।









