উত্তরের জেলা দিনাজপুরে একদিনের ব্যবধানে কমেছে তাপমাত্রা একই সঙ্গে বেড়েছে বাতাসের গতিবেগ। গত চারদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসের গতি বেড়ে যাওয়ায় বেড়েছে ভোগান্তি। যদিও আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারা বলছেন ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা প্রশমিত হবে শীত।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি ২০২২) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। এর আগে রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঘণ্টায় গতিবেগ ছিল ৩-৪ কিলোমিটার। অর্থাৎ একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, একইসঙ্গে বেড়েছে বাতাসের গতিবেগ।
আদ্রতাও বেড়েছে এক শতাংশ। এছাড়াও জেলার পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৭; রংপুরে ৯ দশমিক ২; ডিমলায় ১০ দশমিক শূন্য; নওগাঁয় ৮ দশমিক ৪; রাজশাহীতে ৯ দশমিক শূন্য; যশোরে ৯ দশমিক ২; চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ এবং শ্রীমঙ্গলে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত (সকাল ৬ টা) তেতুলিয়ায় ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে অতিরিক্ত শীতে নাজেহাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। সদর উপজেলার মাতাসাগর এলাকার রফিক উদ্দিন বলেন, সকাল সকাল ভোট দেওয়ার জন্য বের হয়েছিলাম। কিন্তু সেন্টার পর্যন্ত যেতে পারলাম না। আগে চা খাবো শরীরটা একটু গরম হলে তারপর কেন্দ্রে যাবো।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দেখা হয় নজরুল ইসলাম নামের এক বয়স্কের। তিনি বলেন হাত-পা কোকড়া হয়ে আসছে। শীত তো বড় না, বাতাসটাই সমস্যা।
আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, প্রশমিত হবে শীত। মূলত হিমেল বাতাসের কারণে ঠাণ্ডা বেশি অনুভূত হচ্ছে। তবে সকালেই সূর্য উঠায় মোটামুটিভাবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঠাণ্ডার প্রভাব থাকবে না।









