হাসপাতালের অধিকাংশ যন্ত্রপাতি বিকল, ৭ বছর ধরে তালাবদ্ধ হৃদরোগ বিভাগ

তৈয়ব আলী সরকার, নীলফামারী
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০

নীলফামারী জেনারেল হাসপাতালে ৫৭ পদের বিপরীতে ১৬ জন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা। বাকি ৪১ পদ শূন্য। হাসপাতালের অধিকাংশ যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। প্রায় সাত বছর ধরে তালা ঝুলছে হৃদরোগ বিভাগে। এতে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন মানুষজন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের মার্চ মাসে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নীলফামারী সফরে এসে এখানের মানুষের দাবির মুখে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে হৃদরোগের দুটি ওয়ার্ড স্থাপনের নির্দেশ দেন। সেই মোতাবেক ১০ শয্যার ওয়ার্ডের জন্য সেখানে ডি-ফেসিলেটর মেশিন দুটি, কার্ডিয়াক মনিটর ২০টি স্থাপন করা হয়। যার মূল্য প্রায় এক কোটি টাকা। কিন্তু চিকিৎসক সংকটে সেবাবঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। বছরের পর বছর বিভাগটি তালাবদ্ধ থাকায় যন্ত্রপাতি বিকল হতে বসেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে বিভাগটি তালাবদ্ধ দেখা গেছে।

বছরের পর বছর বিভাগটি তালাবদ্ধ থাকায় যন্ত্রপাতি বিকল হতে বসেছে

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুর রহিম বলেন, ওই বিভাগটি চালাতে দক্ষ জনবলসহ একেবারে আলাদা সবকিছু দরকার। ১০ শয্যার ইউনিট চালাতে একজন বিশেষজ্ঞ মেডিক্যাল কর্মকর্তাসহ ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্স প্রয়োজন। এছাড়া আইসিইউ এবং সিসিইউর জন্য প্রয়োজন আলাদা ব্যবস্থা। কিন্তু এখানে এসবের কিছুই নেই। ফলে প্রতিদিন ৩-৪ জন রোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। তাদের চিকিৎসা দেওয়ার মতো সাধ্য নেই আমাদের।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা, সিনিয়র কনসালট্যান্ট ও জুনিয়র কনসালট্যান্টসহ ১৬ জন কর্মরত রয়েছেন। তবে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, ইএমও, সহকারী সার্জন ২২ জনসহ ৪১ পদ শূন্য রয়েছে।

জানা যায়, ১৬ কর্মকর্তার মধ্যে শিশু বিভাগে মেডিক্যাল অফিসার একজন, মেডিসিন বিভাগে সিনিয়র কনসালট্যান্ট একজন ও অ্যানেসথেসিয়ায় জুনিয়র কনসালট্যান্ট একজন রয়েছেন। পাশাপাশি সার্জারি বিভাগে একজন চিকিৎসক, চক্ষু বিভাগে সিনিয়র কনসালট্যান্ট একজন, গাইনিতে জুনিয়র কনসালট্যান্ট একজন, নাক, গলা, কান বিভাগে সিনিয়র কনসালট্যান্ট একজন ও রেডিওলজি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট একজন আছেন। বাকি সাত জন অন্যান্য বিভাগে কর্মরত। ফলে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজি, অ্যানেসথেসিয়া, সি-আরম, ডেন্টাল ইউনিট, মাইক্রোসকোপ, অটোএনালাইজার, ডায়াথার্মি ও অটোক্লেব মেশিনসহ ৩৯টির মধ্যে ১৮টি যন্ত্র বিকল হয়ে পড়ে আছে। জোড়াতালি দিয়ে চলছে এসব যন্ত্রপাতি। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার ২০ লক্ষাধিক মানুষ। বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষায় মোটা অংকের টাকা গুনতে হয় রোগীদের।

অপরদিকে, হাসপাতালের তিনতলা নতুন ভবনে বিদ্যুৎ সংযোগ ও কেবিন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। পুরো হাসপাতালে নেই বর্জ্য ব্যবস্থাপনা। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন ও আনসার নিয়োগসহ আউট সোর্সিং কর্মচারীদের মেয়াদ বৃদ্ধিও জরুরি।

জেলা শহরের নিউবাবু পাড়া মহল্লার ফেরদৌসি বেগম বলেন, মুখে ঘা ও এলার্জির চিকিৎসার জন্য মেয়ে সাফা মনিকে (৩) হাসপাতালে নিয়ে এসেছি। আউটডোরে টিকিটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাাঁড়িয়ে আছি, তবু সিরিয়াল পাইনি। বাধ্য হয়ে মেয়েকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। চিকিৎসক নেই তাই বাসায় ফিরে যাচ্ছি। খুব ভোগান্তিতে পড়তে হলো।

একই মহল্লার লালবাবু বলেন, আমার মা হৃদরোগে আক্রান্ত হলে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাই। জরুরি বিভাগের চিকিৎসক বলেন, এখানে এই রোগের চিকিৎসক নেই। আপনারা রংপুরে নিয়ে যান। তিনি বলেন, নামেই ২৫০ শয্যার হাসপাতাল। চিকিৎসা নেই। এত বড় হাসপাতাল অথচ চিকিৎসক নেই।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহির্বিভাগের স্লিপধারী সদরের রামনগর ইউনিয়নের বাহালী পাড়া গ্রামের সেরিনা বেগম বলেন, টাকার অভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়। স্লিপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসা পাওয়া যায় না।

প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়

হাসপাতালের নাক, গলা ও কান বিশেষজ্ঞ ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, এই বিভাগে দীর্ঘদিন ধরে একাই চিকিৎসা দিয়ে আসছি। প্রতিদিন ইনডোর ও আউটডোরে প্রায় ৮০ জন রোগী দেখতে হয়। কোনোদিন ইনডোরে ১৫ থেকে ২০ জন আবার আউটডোরে ৫৫ থেকে ৬০ জন রোগী দেখতে হয়। প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ইনডোর এবং আউটডোরে গড়ে এক থেকে দেড় হাজার রোগী চিকিৎসা নেন। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি রোগী দেখা শেষ করে বহির্বিভাগে রোগী দেখেন। ফলে বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। চিকিৎসক স্বল্পতা একটি বড় সমস্যা। এজন্য রোগীদের ভোগান্তি পোহাতে হয়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মেজবাহুল হাসান চৌধুরী বলেন, হাসপাতালে ৫৭ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন ১৬ জন। এর মধ্যে ৪১ পদই শূন্য। এত কম সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দেওয়া সম্ভব না। তিনি আরও বলেন, তৃতীয় শ্রেণির ৫০ পদের ৩২ পদই শূন্য। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনবল নিয়োগের বিষয়টি জানানো হয়েছে, তারা নিয়োগের আশ্বাস দিয়েছেন। চিকিৎসক নিয়োগ পেলে রোগীদের ভোগান্তি কমে যাবে।

উল্লেখ্য, নীলফামারী জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২০১৯ সালের ৩০ জানুয়ারি ২৫০ শয্যায় উন্নীত হয়। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর পুরো কার্যক্রম শুরু হয়।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
১৬ ডিসেম্বরের পর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়
১৬ ডিসেম্বরের পর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন