পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী গোলাম আযম হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ও ছেলের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ মার্চ) তাদের পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ূন কবীর সরকার তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার গভীর রাতে পুলিশ তাদের বাসা থেকে গ্রেফতার করে। রিমান্ডে দুই জন হলেন- গোলাম আযমের স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে আল আর্নিফ বাঁধন (২১)। নিহত গোলাম আযম পঞ্চগড় স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত শনিবার (৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ির শোবার ঘরের বিছানা থেকে পুলিশ গোলাম আযমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন ৬ মার্চ রাতে বড় ছেলে বদিউজ্জামান লিমন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই ভবেশ চন্দ্র পাল বলেন, ব্যবসায়ী গোলাম আজম হত্যাকাণ্ডে তার স্ত্রী ও ছোট ছেলেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশা করছি, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো।









