ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট এলাকায় একই স্থানে যুবদলের সম্মেলন ও ছাত্রলীগের প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে। এতে ওই এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান এই আদেশ দিয়েছেন। সোমবার (৩০ মে) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
জানা গেছে, দল পুনর্গঠনের অংশ হিসেবে দানারহাট ঈদগাহ মাঠে বেগুনবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল আজ বিকাল ৪টায় সম্মেলন আয়োজনের ঘোষণা দেয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রদলের কটূক্তির প্রতিবাদে একই স্থানে ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় ইউনিয়ন ছাত্রলীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১২টা পর্যন্ত দানারহাট এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে ওই এলাকায় সভা, সমাবেশ ও দলবদ্ধ যেকোনও কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন বলেন, ‘সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মেলন চলছে। এরই অংশ হিসেবে বিকালে বেগুনবাড়ি ইউনিয়ন যুবদলের সম্মেলন হওয়ার কথা ছিল। প্রশাসনের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে। কিন্তু যুবদলের সম্মেলন পণ্ড করতে ছাত্রলীগ একই স্থানে সভার ঘোষণা দিয়েছে।’
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরনবী সবুজ বলেন, ‘ছাত্রদল যেদিন প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছিল, আমরা তার পরদিনই প্রতিবাদ সভা করতে চেয়েছিলাম। কিন্তু জেলায় কর্মসূচি থাকায় আজ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে যুবদল একই স্থানে সম্মেলন আহ্বান করেছে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সাধারণ মানুষের প্রাণনাশের আশঙ্কা থাকায় ঈদগাহ মাঠের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









