হিলিতে ৩২ বছরের এক যুবকের সঙ্গে অসম প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় স্বজনদের ওপর অভিমান করে প্রাণ দিয়েছে ১৪ বছরের এক কিশোরী। বৃহস্পতিবার (২ জুন) ছাতনী রাউতারা গ্রামের নিজ বাড়ি থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্বজন ও স্থানীয়রা জানান, ওই ছাত্রীর সঙ্গে শহিদ ইসলাম নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্পর্কে তারা চাচা-ভাতিজি হওয়ায় এবং শহিদের আর্থিক অবস্থা অসচ্ছল হওয়ায় বিয়ের দাবি মেনে নেয়নি পরিবার। এ অবস্থায় পালিয়ে গিয়ে বিয়ের পরিকল্পনা করেন তারা। বিষয়টি জানতে পেরে তাতে বাধা দেয় স্বজনরা। পরে সকালে ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে পরিবারের লোকজন মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার কোনও নড়াচড়া বা পালস ছিল না। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মেয়েটির গলায় দাগ রয়েছে বলে জানান তিনি।
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার ছাতনি গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।








