পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বেলা পৌনে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি-কার্যক্রম শুরু হয়।
এদিকে আট দিন পর আমদানি-রফতানি শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। তবে ঈদের ছুটি কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে দুই-একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে আজ থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।’









