কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দিলীপ রন্দ্র রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সরকারি বই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। দিলীপ চন্দ্র রায় ওই স্কুলের প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ রায়ের আপন ছোটভাই বলে জানা গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি বৈঠকে অভিযুক্ত অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে বিদ্যালয় গেটের সামনে ভাঙারির দোকানের মালিক আরিফুল ইসলামের কাছে এক হাজার ৬৫০ টাকায় প্রায় দুই মণ বই বিক্রি করে দেন অফিস সহকারী দিলীপ চন্দ্র রায়। পরে স্থানীয়রা এ ঘটনা জানতে পেরে বইগুলো উদ্ধার করে বন্দরপাড়ার আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে জমা রাখেন।
খবর পেয়ে বুধবার (১৭ আগস্ট) দুপুরে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে বইগুলো জব্দ করেন।
এ বিষয়ে জানতে অফিস সহকারী দিলীপ বলেন, ‘আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছি। তবে ৭৮ কেজি না, ২২-২৩ কেজি বই ২০ টাকা দরে বিক্রি করেছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘অভিযুক্ত অফিস সহকারী আমার আপন ছোটভাই। কিন্তু আমি এ বিষয়ে কিছু জানি না। বিষয়টি জানার পর সহকারী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ঘটনাস্থলে এসে বইগুলো জব্দ করেছেন। আমরা ম্যানেজিং কমিটির মিটিং ডেকে অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছি।’
কুড়িগ্রাম সদরের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বইগুলো জব্দ করেছি। বিভিন্ন শ্রেণির প্রায় ১৭০টি বই জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।









