নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, কিন্তু তারা আমাদের আদর্শকে হত্যা করতে পারেনি। তারা বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ করেছিল, দেশের মানুষের কাছ থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, তাঁর আদর্শকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সেটি পারেনি।’
শনিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে দারিদ্র্য দেশ থেকে স্বল্পোন্নত দেশে রূপান্তরিত করে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখান থেকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করেছি। এটাই আজকে বিএনপিসহ তাদের মিত্রদের গায়ে জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের আরও কষ্ট হচ্ছে, কেন আমেরিকা বাংলাদেশকে নিষিদ্ধ করে না, সারা পৃথিবীর বিভিন্ন দেশ কেন বাংলাদেশের প্রশংসা করে, কেন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। তারা মনে করেছিল, করোনা মহামারির মধ্যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের যে স্বপ্ন গর্ব ও অহংকারের স্থাপনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না; কিন্তু এই করোনা মহামারির মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই পদ্মা সেতু শুধু বাস্তবায়ন করেননি, জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যা দিয়ে বর্তমানে মানুষ চলাচল করছে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে তেল পরিবহন নয়, কৃষ্ণসাগরের যে চ্যানেল সেটিও বন্ধ হয়ে গেছে। এ রকম একটা পরিস্থিতির মধ্যে সমগ্র পৃথিবী যখন আক্রান্ত, সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। একদিকে যখন আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, আবার আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, ভারত যে তেল রাশিয়া থেকে কিনছে ভূমধ্যসাগর থেকে সেই তেল অন্য জাহাজে করে আমেরিকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে দ্বিচারিতা তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দুনিয়ার মধ্যে একমাত্র সরকারপ্রধান, যিনি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলছেন।’
তিনি বলেন, ‘আমেরিকার এই নিষেধাজ্ঞা শুধু ইউক্রেন ও রাশিয়া নয়, সমগ্র পৃথিবীতে একটি বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তার এই সাহসী উচ্চারণের ফলে আজকে অনেকেই আমেরিকার কাছে জাতিসংঘের কাছে বিচার নিয়ে যাচ্ছেন।’
হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।








