পঞ্চগড়ের নারী সংগঠক জেলা পরিষদের সদস্য ও পৌর কৃষক লীগের সভাপতি আকতারুন নাহার সাকির বাসা সংলগ্ন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোল কিংবা অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সাকি।
শনিবার (২৭ আগস্ট) ভোররাতে পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার অফিসে এ ঘটনা ঘটে। অফিসের দরজা বন্ধ থাকায় আগুন ঘরের ভেতরে ঢুকতে পারেনি। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আগুনের তাপে সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে। অফিসের দুই পাশের আম ও নারিকেল গাছ পুড়ে গেছে।
আক্তারুল নাহার সাকি বলেন, ‘আমি ও আমার স্বামী বাসায় ছিলাম। বাসার সামনেই আমার অফিস। ভোররাতে আগুন দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। আগুন ভেতরে যেতে না পারায় নিভে গেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে অফিসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
সাকি জানিয়েছেন, এনজিও সংস্থা পরস্পর’র পরিচালক তিনি। বাসা সংলগ্ন অফিসে বসে এনজিও সংস্থা ও দলীয় কার্যক্রম পরিচালনা করেন সাকি।
এদিকে, সাকির অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।’








