রংপুর নগরীর গ্র্যান্ড মোড়ে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আট পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। কার্যালয়ের গলি অতিক্রম করে নগরীর প্রধান সড়কে আসে মিছিলটি। এ সময় পুলিশ ব্যারিকেড তৈরি করে। ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। আধা ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ চলে। এতে আট পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।
সংঘর্ষের পর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহমুদুন্নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে পুলিশের বাধাকে অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছেন শামসুজ্জামান শামু।
এই বিষয়ে রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানার ওসি তদন্ত হোসেন আলী বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। তবে আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকার চেষ্টা করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে।
এদিকে, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।









