দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের হরিনাথপুর অফিসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের বাড়ি একই এলাকায়।
মামলা সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির পাশের এটি জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য যান ওই গৃহবধূ। এ সময় একই গ্রামের এক যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগী চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









