দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘ ১০ বছর পর নতুন করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে সভাপতি ও জিয়াউর রহমান মানিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকালে সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশচন্দ্র শেন নতুন এ কমিটি ঘোষণা করেন। এছাড়াও কমিটিতে ডা. মোশাররফ হোসেনকে সহ-সভাপতি, আমির হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার রহমান ও আবু সাহাদাত মো. সায়েম আলী এবং পারুল বেগমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর বিকালে সংসদ সদস্য শিবলী সাদিকের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল প্রক্রিয়া শুরু করা হয়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের সিভি দিতে বলা হয়।
এসময় সভাপতি পদে ১৬ জন ও সাধারণ সম্পাদক পদে জন্য ২১ জন নেতাদের নিকট তাদের সিভি জমা দেন। রাত ১১টা পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেন রমেশচন্দ্র শেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক, আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।









