কুড়িগ্রামের চিলমারীতে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে ‘পণ্ডিত বই মেলা’। বুধবার (১ মার্চ) উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করবেন অর্থনীতিবিদ, লেখক, অনুবাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ। বই মেলার আহ্বায়ক নাহিদ হাসান নলেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারও থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পণ্ডিত বই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২৪টি স্টলে দেশের নামকরা লেখকদের বই থাকছে। মেলায় গুণীজনদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাঁচ দিনব্যাপী বইমেলায় বিজ্ঞান, গণিত ও ভাষা অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কুইজ ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বই মেলার আহ্বায়ক নাহিদ হাসান নলেজ বলেন, ‘চিলমারীর এই বই মেলা শুধু বই মেলা নয়, এটি চিলমারীর মানুষের মিলনমেলা। একটি সাংস্কৃতিক ও জ্ঞানের চর্চা কেন্দ্র এবং উন্নত মনন গঠনে উৎপাদনশীল ভাবধারার ঐকতান। এই মেলা রাষ্ট্রীয় আয়োজনের বাইরে সামাজিক উত্থানের নিদর্শন।’
আগামী ৫ মার্চ মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। সমাপনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে মেলা প্রাঙ্গণে ‘সাঁতাও’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সেদিন মেলা প্রাঙ্গণে এই সিনেমার পরিচালক খন্দকার সুমন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।









