গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে আটকা পড়েছে ৩১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। ধরা পড়ার দুইদিন পর মাছটি ৭০০ টাকা কেজি দরে ২১ হাজার ৭০০ টাকা বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ মোড়ে মাছটি বিক্রি করা হয়।
বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষ ভিড় জমান। এ সময় অনেকে মাছটি কেনার আগ্রহ প্রকাশ করে দরদাম করেন। আবার অনেকে ওই মাছের ছবি তুলে ফেসবুকে দেন।
কঞ্চিপাড়ার ভাসারপাড়ার জেলে সচিন দাস জানান, প্রতিদিনের মতো রবিবার ছৈমুদ্দিন ও জয়নালসহ কয়েকজন মিলে ব্রক্ষপুত্র নদে জাল দিয়ে মাছ ধরছিলেন। দুপুরে হঠাৎ করে জালে আটকা পড়ে বিশাল আকৃতির মাছটি। ৩১ কেজি ওজনের মাছটি তাদের কাছে কিনে নেন ফুলছড়ি উপজেলার মাছ ব্যবসায়ী আব্দুস সোবহান ও আশিকুর ইসলাম।
মাছ ব্যবসায়ী আব্দুস সোবহান বলেন, ‘মাছটি ৭০০-৮০০ টাকা কেজি দরে স্থানীয়ভাবে বিক্রির চেষ্টা করা হয়। বেশি দামের আশায় মাছটি পলাশাবাড়ীতে নিয়ে আসি। প্রথমে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রির দাম চাওয়া হয়। এ সময় অনেক ক্রেতাই মাছটির বিভিন্ন দরদাম করেন। পরে মাছটি পৌর এলাকার মুকুল মিয়া ও ফিরোজ কবীর সুমন মিয়াসহ কয়েকজন মিলে ২১ হাজার ৭০০ টাকায় কেনেন।’
মাছটির এক ক্রেতা ফিরোজ কবীর সুমন বলেন, ‘মাছটি দেখেই কেনার আগ্রহ হয়। কিন্তু একা কেনার মতো সামর্থ্য নেই আমার। কয়েকজন মিলে মাছটি ২১ হাজার ৭০০ টাকায় কিনি। পরে মাছটি কেটে ওজন করে সবাই ভাগ করে নিই।’
অপর ক্রেতা মনজুর কাদির মুকুল বলেন, ‘আগের মতো বাজারে বোয়াল, আইড় ও বাগাড় মাছ চোখে পড়ে না। ৩১ কেজি ওজনের মাছটি কিনে খুশি। ৭০০ টাকা কেজি দরে মাছটি আমরা ১৮ জন কেটে ভাগ করে নিয়েছি।’









