কুড়িগ্রাম শহরের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১ মে) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ওই চার শিক্ষার্থীকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালতে চার শিক্ষার্থীকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুড়িগ্রামের সহকারী পরিচালক আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে জেলা শহরের রেলওয়ে স্টেশনে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে একজনের পকেট থেকে কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক সেবনের কথা স্বীকার করায় তাদের তিন দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অধিদফতরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, ‘সাজা দেওয়ার পর ওই চার শিক্ষার্থীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’









