আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, ‘তারেক রহমান বিদেশে বসে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যা অপপ্রচার করছে। জনগণ রংপুরের জনসমুদ্রে যোগ দিয়ে তার এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবে। ২ আগস্ট রংপুর হবে জয় বাংলার স্লোগানের ও শেখ হাসিনার শহর।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগামী ২ আগস্ট রংপুরে আগমন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশস্থল জিলা স্কুল মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এস এম কামাল বলেন,‘দীর্ঘ সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। এটাই রংপুরের মানুষের কাছে বড় চমক। তার আগমনকে কেন্দ্র করে এ অঞ্চলের কোটি মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা আর গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটাই বাস্তবে প্রমাণিত হবে ২ আগস্ট (মঙ্গলবার) রংপুর জনসমুদ্রে পরিণত হওয়ার মধ্য দিয়ে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্য দিয়ে খালেদা জিয়া আর তারেক রহমানের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘করোনার সময় না আসতে পারলেও এবার রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা মহাসমাবেশ নয় জনসমুদ্রে রূপ নেবে। মানুষ শেখ হাসিনার কাছ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য শুনবে।’
রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি বলেন, ‘গত ১৪ বছরে রংপুরসহ বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এমন কোনও সেক্টর নেই যেখানে উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী নতুন নতুন উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং আরও উন্নয়ন কাজের ঘোষণা দেবেন।’
এ সময় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মওলা, ইদ্রিস আলী, যুবলীগ নেতা মেহেদী হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।









