বিভিন্ন জেলায় অন্তত সাতটি ডাকাতি মামলা। অস্ত্র মামলা রয়েছে দুটি। গুরুতর সব অপরাধের অভিযোগ থাকা এমন এক আসামিকে চুরি করা অটোরিকশা নিয়ে পালানোর সময় গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। সোমবার বিকালে কুড়িগ্রাম পুলিশ লাইনসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রূহুল আমীন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হুমায়ন কবির ওরফে কবির হোসেন ওরফে হুমায়ন ওরফে হুমা (৫০)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে যশোর জেলার কোতোয়ালি থানায় ২০২২ সালে একটি ডাকাতি মামলা, একটি অস্ত্র মামলা, মনিরামপুর থানায় একটি ডাকতি মামলা, মাদারীপুরের শিবচর থানায় ২০২২ সালে একটি ডাকাতি মামলা, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় ২০২০ সালে একটি ডাকাতি মামলা, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৭ সালে অস্ত্র আইনে একটি মামলা, ঝিনাইদহ সদর থানায় ২০২২ সালে একটি ডাকাতি মামলা ও রাজবাড়ীর গোয়ালন্দ থানায় ২০২১ সালে একটি দস্যুতার মামলাসহ ৯টি মামলা রয়েছে। তিনি দুর্ধর্ষ ডাকাত সদস্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
হুমায়নকে গ্রেফতার প্রসঙ্গে পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে কুড়িগ্রাম সদর থানার ধরলা চেকপোস্টে পুলিশের নিয়মিত তল্লাশি চলছিল। কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর এলাকা থেকে চুরি করা একটি অটোরিকশা নিয়ে পালানোর সময় ধরলা চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে অটোরিকশার প্রকৃত মালিক অটোরিকশাটি শনাক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রূহুল আমীন বলেন, ‘তথ্য যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে সাতটি ডাকাতি ও দুটি অস্ত্র মামলার তথ্য পেয়েছে পুলিশ। অটোরিকশা চুরির ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’








